১৮ বৈশাখ, ১৪৩৩

০১ মে, ২০২৬

গাজীপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, জনতার বিক্ষোভ : বাসে অগ্নিসংযোগ

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: মার্চ ৩১, ২০২৫, ৪:৫৯ অপরাহ্ন
গাজীপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, জনতার বিক্ষোভ : বাসে অগ্নিসংযোগ

 

গাজীপুর মহানগরীর শিববাড়ি মোড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে একটি দ্রুতগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় অটোরিকশাচালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।


প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গাজীপুর চৌরাস্তা থেকে আসা অটোরিকশাটি শিববাড়ি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এলিভেটেড সড়ক দিয়ে চলাচলকারী দ্রুতগামী বাসটি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাবাসসুম (৫) নামে এক শিশু ও তার ফুফু নিহত হন। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।


দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিকে আটকে রেখে তাতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই বাসটি দাউদাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ রিয়াজ উদ্দিন বলেন, "এ দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। জনতার বিক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।"

নিহতদের মৃতদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।