প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। সোমবার (২ জুন) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক হবে।
রোববার (১ জুন) সিইসির একান্ত সচিব মো. আশ্রাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম ফোন করে সোমবার দুপুর ১২টায় সাক্ষাতের সময় চেয়েছেন। সিইসি তাদের সময় দিয়েছেন, এবং চার থেকে পাঁচজনের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নিতে পারে।
জামায়াতের আইনজীবি শিশির মনির তার ফেসনবুক পেইজে আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এক পোষ্টে শিশির মনির জানিয়েছেন, আপিল বিভাগ জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলার সংক্ষিপ্ত রায়ে নিবন্ধন ফেরত দিতে এবং দাঁড়িপাল্লা প্রতিক ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশনা দিয়েছেন।
গত ১২ মার্চ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি শুরু হয়। ১৪ মে শুনানি শেষ হয়, এবং ১ জুন রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়। এর আগে, জামায়াতে ইসলামী তাদের নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আবেদন করেছিল।
উল্লেখ্য, ২০১৩ সালের ১ আগস্ট এক রিট আবেদন নিষ্পত্তি করে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে ইসি। পরবর্তী সময়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দলটি। আপিল শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় ২০২৩ সালের নভেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ ‘ডিসমিস ফর ডিফল্ট’ বলে আপিল খারিজের আদেশ দেন।