১৪ বৈশাখ, ১৪৩৩

২৭ এপ্রিল, ২০২৬

ভোটের সমতল মাঠ তৈরি হলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব হবে : আমীরে জামায়াত

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: জুন ৭, ২০২৫, ৭:১১ অপরাহ্ন
ভোটের সমতল মাঠ তৈরি হলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব হবে : আমীরে জামায়াত

ভোটের সমতল মাঠ তৈরি হলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

 
 

তিনি বলেছেন, ঈদুল আজহা ত্যাগ-কোরবানি ও আল্লাহর সন্তুষ্টির পরীক্ষা। এই মহিমান্বিত দিনে আমাদের প্রতিজ্ঞা হোক অন্যায়, জুলুম-নিপীড়ন ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার।

 
 

শনিবার (৭ জানুয়ারি) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে জামায়াত আমিরের নিজ গ্রাম তুলাপুর পাঁচগাঁও ঈদগাহে নামাজ শেষে তিনি এসব কথা বলেন।

 
 

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন। এ সময় নামাজ শেষে এলাকার সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান।

 

তিনি বলেন, দেশের চলমান সঙ্কট উত্তরণে জাতিকে সত্য, ন্যায় ও ইসলামি আদর্শের পথে ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

ঈদের নামাজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, জাতি যেমন তেমন নির্বাচন চায় না। বিচার, সংস্কার, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র এবং ভোটের সমতল মাঠ তৈরি হলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব হবে।

 

তিনি বলেন, পরপর তিনবার মানুষ ভোট দেয়ার কোনো সুযোগ পায়নি। এবার নতুন ভোটার যুব সমাজকে ভোটের সুযোগ করে দিতে হবে। প্রধান উপদেষ্টা আমাদের কোনো সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের সঙ্কট দূর করা খুবই জরুরি।

 

এ সময় প্রাণবন্ত এ ঈদ আয়োজনে উপস্থিত ছিলেন সিলেট মহানগরী আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো: ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌর আমির হাফেজ তাজুল ইসলাম, ছাত্রশিবির জেলা সভাপতি মো: নিজাম উদ্দিন।

 

এছাড়া ভাটেরা ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল করিম ও ওয়ার্ড মেম্বার আব্দুল লতিফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

ঈদের নামাজের আগে জামায়াত আমির মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখেন। এ সময় তিনি কোরআন ও হাদিসের আলোকে হযরত ইব্রাহীম আ:-এর ত্যাগের শিক্ষা তুলে ধরে একটি কল্যাণকর আদর্শ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।