১৭ বৈশাখ, ১৪৩৩

৩০ এপ্রিল, ২০২৬

কুরবানির পশু জবাই করতে গিয়ে ৩ শতাধিক আহত !

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: জুন ৮, ২০২৫, ৮:১৬ পূর্বাহ্ন
কুরবানির পশু জবাই করতে গিয়ে ৩ শতাধিক আহত !

কুরবানির পশু জবাই করতে গিয়ে আহত ১২০ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। এদিকে দুই শতাধিক আহত ব্যক্তিকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 

রাজধানী ঢাকায় ও আশপাশে কুরবানির পশু জবাই করতে গিয়ে গরুর লাথি, গুতো, ধারালো অস্ত্রের আঘাতে নারী-শিশুসহ মোট ১২০ জন আহত হয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। আঘাত গুরুতর হওয়ায় ২ জনকে ভর্তি করানো হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু কুরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রে আঘাত ও গরুর গুতো, গরুর লাথির আঘাতে শিশু ও নারীসহ মোট ১২০ জনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে তাদের চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে ২ জনকে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) বিকাল ৫টা পর্যন্ত ২০১ জন দুর্ঘটনায় আহত রোগী এসেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

তাদের মধ্যে হাত ও আঙুল কেটে যাওয়া রোগীই বেশি। ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. অভিজিৎ চৌধুরী জানান, বেশিরভাগ রোগীরই হাত-পায়ে আঘাত নিয়ে আসছেন। জরুরি বিভাগে আমরা সাধ্যমতো সেবা দেবার চেষ্টা করছি।