দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ৪০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড মরিচের বীজ, সার ও বালাইনাশক বিতরণ করা হয়েছে।
রবিবার (২৯ জুন) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি কৃষকদের উন্নত জাতের বীজ ও পরিমিত সার ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির পরামর্শ দেন।
উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম বলেন, “বর্তমান সরকার কৃষিবান্ধব। কৃষকদের উন্নয়নে নিয়মিত বিভিন্ন সহায়তা প্রদান করছে। উন্নত জাতের বীজ এবং সময়োপযোগী সার ব্যবহারে কৃষকের খরচ যেমন কমবে, তেমনি উৎপাদনও অনেক বেড়ে যাবে। আমরা চাই, প্রত্যেক কৃষক আধুনিক চাষাবাদে দক্ষ হোক এবং কৃষিতে টেকসই উন্নয়ন ঘটুক।”
বিতরণকালে বিভিন্ন ইউনিয়নের সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত থেকে কৃষকদের মাঝে সরবরাহ নিশ্চিত করেন।
এ উদ্যোগে উপকারভোগী কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরণের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।