১৭ বৈশাখ, ১৪৩৩

৩০ এপ্রিল, ২০২৬

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট নিহত

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ৩:০৩ অপরাহ্ন
উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট নিহত

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট লেফটেন্যান্ট তৌকির নিহত হয়েছেন।

আজ দুপুরে সশস্ত্র বাহিনীর একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তবে এখনো আইএসপিআর-এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি।

জানা যায়, লেফটেন্যান্ট তৌকিরের আজকেই প্রথম ফ্লাইট উড্ডয়ন ছিল। এ সময় বিমান বিধ্বস্ত হলে তাকে গুরুতর আহত অবস্থায় বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে বলে সশস্ত্র বাহিনীর ওই সূত্রটি জানিয়েছে।

এর আগে দুপুর ১টা ৬ মিনিটে প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। পরে কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হলে এই ঘটনা ঘটে।

এই বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার লিমা খানম বলেন, আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে।

এদিকে, উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি।