৬ বৈশাখ, ১৪৩৩

১৯ এপ্রিল, ২০২৬

তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ৪:২৪ অপরাহ্ন
তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

সিলেট টেস্টে চালকের আসনে প্রথম দিনেই বসে গিয়েছিল বাংলাদেশ। আজ তৃতীয় দিনের খেলা শেষ করলো জয়ের সুর বেঁধে। অস্বাভাবিক কিছু না ঘটলে শুক্রবারেই শেষ হবে বাকি আনুষ্ঠানিকতা।

দিনভর ব্যাটিং শেষে চা বিরতি থেকে ফিরে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তবে এর আগেই বড় পুঁজি পেয়ে যায় টাইগাররা। ৮ উইকেটে ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা, যা দেশের মাটিতে বৃহত্তম স্কোর। 

বড় পুঁজি গড়ার পথে লিড বেড়ে দাঁড়ায় ৩০১ রানে। টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের এটি দ্বিতীয় বৃহত্তম লিড। ২০১৮ সালে মিরপুরে বাংলাদেশ সর্বোচ্চ ৩৯৭ রানের লিড পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

প্রথম ইনিংসে ২৮৬ রান করা আইরিশরা লিড ভাঙতে নেমে দিন শেষ হবার আগে ৫ উইকেট হারিয়ে তুলেছে ৮৬ রান। ইনিংস হার এড়াতে শেষ দুই দিনে তাদের আরো চাই ২১৫ রান, হাতে আছে ৫ উইকেট।

বৃহস্পতিবার তৃতীয় দিনের শুরুটা হয়েছিল হোঁচট খেয়ে। থিতু হতে পারেননি মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। দুজনেই ফিরেছেন আক্ষেপ নিয়ে। দ্বি শতক পাওয়া হয়নি জয়ের (১৭১), সেঞ্চুরি মিস করেন মুমিনুল (৮২)।

শুরুর সেই ধাক্কা সামলে উঠতে সময় নেয়নি বাংলাদেশ। হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ক্যারিয়ারের ৯৯তম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিমকে নিয়ে গড়েন ১০৩ বলে ৭৯ রানের জুটি।

মুশফিক ২৩ রানে আটকে গেলেও শান্ত এগিয়ে যান। সাথে পান লিটন দাসকে। দুজনে মিলে পাল্লা দিয়ে বাড়াতে থাকেন রান। লিটন ৬৬ বলে ৬০ রান করে আউট হন। শান্ত সেঞ্চুরি উদযাপন করেন মেহেদী মিরাজের সাথে।

১১২ বলে তিন অঙ্কে পৌঁছানোর পর অবশ্য ইনিংস আর বড় করতে পারেননি। সেঞ্চুরি করার এক বল পরই এলবিডব্লু হয়ে ফিরে গেছেন বাংলাদেশ অধিনায়ক। ম্যাকব্রাইনের বলে ফেরেন ঠিক ১০০ রান করে।

এরপর বাকিদের কেউ বলার মতো রান করতে পারেননি। তবে তাদের ছোট ছোট ইনিংসই আরো খানিকটা এগিয়ে দেয় দলকে। আইরিশদের হয়ে বল হাতে ৫ উইকেট নিয়েছেন ম্যাথু হামপ্রেইস।

লিড ভাঙতে নেমে ১৪ রানেই প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। কারমাইকেল (৫) ফেরান নাহিদ রানা। এরপর পল স্টার্লিং ও হ্যারি টেক্টর ৪৭ রানের জুটি গড়েন। যা ভাঙে স্টার্লিং ৪৩ করে রান আউট হলে।

এরপর তাইজুল ফেরান টেক্টরকে, ১৮ রানে ফেরেন তিনি। আর দিনের শেষভাগে কার্টিস ক্যাম্ফার ও লরকান টাকারকে ফেরান হাসান মুরাদ। ৮৫ রানে ৫ উইকেট হারায় আয়ারল্যান্ড।