১৪ বৈশাখ, ১৪৩৩

২৭ এপ্রিল, ২০২৬

নৈতিক অবক্ষয় ও দুঃশাসনের বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : প্রকাশিত: জানুয়ারী ৮, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন
নৈতিক অবক্ষয় ও দুঃশাসনের বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান


দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, নৈতিক অবক্ষয় ও শাসনব্যবস্থার ব্যর্থতার প্রেক্ষাপটে ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার নিয়ে হরিপুর উপজেলার ৪নং ডাংগীপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক যুব কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (০৭ জানুয়ারি) বুধবার ডাংগীপাড়া ইউনিয়নের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে চৌরংগী বাজারস্থ উপজেলা কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলার সাবেক আমীর ও দিনাজপুর-রংপুর অঞ্চল টিম সদস্য, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-২ আসনের এমপি পদপ্রার্থী জননেতা মাওলানা আব্দুল হাকিম।


ইউনিয়ন যুব সেক্রেটারির সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরিপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা রমিজ উদ্দিন আহম্মেদ, সহকারী সেক্রেটারি মো. কামরুজ্জামান, উপজেলা শিবিরের সাবেক সভাপতি মুহা. মোসাদ্দেক হোসাইন, যুব বিভাগের উপজেলা সভাপতি মো. করিমুল ইসলাম এবং উপজেলা এনসিবির আহ্বায়ক বুলবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।


বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র আজ চরম হুমকির মুখে। দুর্নীতি, দুঃশাসন ও লুটপাটের রাজনীতিতে জাতি দিশেহারা হয়ে পড়েছে। এই সংকটময় পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী আন্দোলনই পারে দেশকে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থার পথে ফিরিয়ে আনতে।


তারা আরও বলেন, যুব সমাজই যেকোনো রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের মূল চালিকাশক্তি। তাই ইসলামী আন্দোলনের আদর্শে উজ্জীবিত হয়ে রাজপথ, সমাজ ও রাষ্ট্র সংস্কারে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অন্যায় ও জুলুমের বিরুদ্ধে আপসহীন আন্দোলন গড়ে তুলতে ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও কর্মী প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।


সমাবেশে নেতৃবৃন্দ আগামী দিনের আন্দোলন-সংগ্রাম সফল করতে যুব কর্মীদের শৃঙ্খলা, ত্যাগ ও নেতৃত্বের গুণাবলি অর্জনের আহ্বান জানান। পাশাপাশি গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।


ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক যুব কর্মীর অংশগ্রহণে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে। শেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে সমাবেশের কার্যক্রম সমাপ্ত হয়।