১৮ বৈশাখ, ১৪৩৩

০১ মে, ২০২৬

সাঘাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবস পালিত

সাঘাটা(গাইবান্ধা)প্রতিনিধি: প্রকাশিত: মে ১, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন
সাঘাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবস পালিত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস ‘মহান মে দিবস’ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন পেশাজীবী শ্রমিক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল ওয়ারেছ প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবীর।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইব্রাহিম মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক অধ্যাপক এনামুল হক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক এবং গণমাধ্যমকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মে দিবস শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের প্রতীক। দেশের উন্নয়নে শ্রমজীবী মানুষের অবদান অনস্বীকার্য। তাই তাদের অধিকার রক্ষা ও জীবনমান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।